গুগলের নতুন ক্রোমকাস্ট ‘বোরিয়াল’ আসছে এ বছরেই

২৪ জানুয়ারি, ২০২২ ০৯:৩৯  
গুগল সাধারণত ক্রোমকাস্টের নতুন মডেল ঘনঘন বাজারে আনে না। চাইলে এখনও বাজারে বছরখানেকের পুরোনো ১০৮০ পিক্সেলের মডেল পাওয়া যাবে। তবে প্রতিষ্ঠানটি সম্ভবত নতুন টিভির সঙ্গে নতুন একটি ক্রোমকাস্টও বাজারে আনার পরিকল্পনা করেছে। বিভিন্ন নথি এবং সূত্র অনুসারে নতুন ক্রোমকাস্টের কোডনেম হচ্ছে ‘বোরিয়াল’। আর চলতি বছরের শেষের দিকে এটি বাজারে আসতে পারে বলে খবর দিয়েছে ৯টু৫ গুগল। তবে বিভিন্ন সূত্রে ফাঁস হওয়া তথ্য থেকে এর হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি। যদিও সাধারণ হিসাব বলছে, এর প্রসেসরের ক্ষমতা এবং রেজুলিউশন উন্নত হওয়ার কথা। যদি ফাঁস হওয়া তথ্যগুলো সঠিক বলে প্রমাণিত হয়, তবে পরের প্রশ্ন হলো, এটি কি এখনকার ক্রোমকাস্টকে প্রতিস্থাপন করবে, না কি উচ্চক্ষমতাসম্পন্ন নতুন মডেল হিসেবে আসবে। বাজারে চলতি ক্রোমকাস্ট ৪কে এইচডিআর সমর্থন করে। এনগ্যাজেট বলছে, এটি পুরোনো মডেলের প্রতিস্থাপক হওয়ার সম্ভাবনাই বেশি। তবে, এটা পরিষ্কার যে, আপগ্রেড যথেষ্টই হবে কারণ গুগল নিজেদের মধ্যে একে নতুন কোড নেইম দিয়েছে। কেননা, সাধারণত ছোটখাটো আপগ্রেডের জন্য আলাদা নাম দেয় না গুগল। এক্সডিএ এবং অন্যান্যদের সূত্র বলছে, ৩১ শে মার্চের পরে অ্যান্ড্রয়েড টিভির জন্য এভি১ ভিডিও ফরম্যাট সমর্থনের প্রয়োজন হবে, যেটি এখন গুগল টিভির সঙ্গে আসা ক্রোমকাস্টে নেই। গুগল সম্ভবত বেশ কিছু সাধারণ দাবির প্রতিও সমর্থন জানাবে। উদাহরণ হিসেবে বলা যায়, স্টোরেজের আকার বাড়ানোর বিষয়টি।